কুড়িগ্রামে খাদ্যে ‘বিষক্রিয়ায়’ ২০ মাদ্রাসাছাত্র হাসপাতালে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে খাদ্যে ‘বিষক্রিয়ায়’ আক্রান্ত হয়ে একটি মাদ্রাসার ২০ ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার রাতে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী হামিউচ্ছুন্নাহ বরকতিয়া মাদ্রাসার ওই ছাত্রদের ভুরুঙ্গামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে মাদ্রাসা সুপার রমজান আলী জানান।
খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুপার রমজান আলী জানান, শনিবার দুপুরে উপজেলার বাড়াইটারী গ্রামের সেকেন্দার আলী মাদ্রাসার ছাত্রদের জন্য গরুর মাংস দেন। মাংস রান্নার জন্য ওই এলাকার ডিপেরহাটের ব্যবসায়ী লাবু মিয়ার দোকান থেকে মসলা ও হলুদ কেনা হয়।
“লাবু মিয়া হলুদের বদলে বুনদিয়া তৈরির জন্য ব্যবহৃত রং দিয়ে দেয়। তা দিয়ে রান্না করা খাবার খেয়ে সন্ধ্যার দিকে ছাত্রদের পেট ব্যথা ও বমি শুরু হয়।”
পরে স্থানীয়দের সহযোগিতায় রাতেই তাদের ভুরুঙ্গামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সাজ্জাদ মো. সায়েম বলেন, ২০ জন ছাত্র বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে তারা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
