এসএসসির প্রশ্নপত্র বিলম্বে বিতরণের অভিযোগ
মাগুরার মহম্মদপুর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্র দেরিতে বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয় ও নহাটা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে এই বিপত্তি ঘটে।
আরপিপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অমল কুমার নামে এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, পরীক্ষার ৩০ মিনিট পর হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।
নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করতে না পারায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলে তার আশঙ্কা।
তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম দাবি করেন, ৩০ নয়, ১৫ মিনিট দেরি হয়েছে।
প্রতিদিন মহম্মদপুর উপজেলা সদরের থানা ভবন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নহাটার কেন্দ্র দুটিতে প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
আরপিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিয়ার রহমান বলেন, “ভুলবশত সঠিক প্রশ্ন না আসায় এ সমস্যা হয়েছে।”
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বলেন, “এই ঘটনা দুঃখজনক। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সে ব্যবস্থা নিচ্ছি।”
