দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু: ট্রাকচালকের বিচার চেয়ে মানববন্ধন
দুই দিন আগে ইয়াকুব আলী আবির নামে এক ছাত্রকে চাপা দেওয়া ট্রাকের চালকের বিচার দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচিতে অংশ নেন আবিরের সহপাঠি, বন্ধু, শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী।
গত মঙ্গলবার অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের লাশ নিয়ে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবির (২৫)।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. মোসলেম উদ্দিনের ছেলে আবির বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সাহাব এনাম খান বলেন, “এই ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। আমরা আমাদের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থীকে হারিয়েছি।
“যতদিন পর্যন্ত অদক্ষ চালকেরা গাড়ি চালাবে, ততদিন এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। আর জাতিকেও এ লজ্জার বোঝা বহন করতে হবে। তাই সরকারকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, সহকারী অধ্যাপক আলী আকবর ও রণি বসাক, প্রভাষক জান্নাতুল হাবীব প্রমুখ।
