সিরাজগঞ্জে নিজ ঘরে নিহত গৃহবধূর পরিচয় মিলেছে
সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘরে নিহত গৃহবধূর পরিচয় পেয়েছে পুলিশ। তবে তার স্বামী ও মেয়েদের খোঁজ মেলেনি।
নিহত নূরজাহান খাতুন (৩২) মাহমুদপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে এবং বওড়া গ্রামের বাবলু মিয়ার স্ত্রী।
বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মুকুন্দগাতি বাজার এলাকার ভাড়া বাসা থেকে নূরজাহানের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বাসায় নূরজাহান তার স্বামীর সাথে পাঁচ-ছয় বছরের দুই শিশুমেয়ে নিয়ে থাকতেন।
ঘটনার পর থেকে স্বামী বাবলু মিয়া ও দুই মেয়েকে পাওয়া যাচ্ছে না।
পুলিশ তাদের খুঁজছে বলে এসআই জানিয়েছেন।
অপরদিকে নূরজাহানের বাবা নূরুল ইসলামের অভিযোগ, স্বামী বাবলু মিয়া নূরজাহানকে হত্যা করে মেয়েদের নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে তিনি বেলকুচি থানায় হত্যা মামলা করেছেন।
সোমবার বিকেলে লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ জানুয়ারি মুকুন্দগাতি বাজার এলাকায় রশিদ মাস্টারের (৮৪) তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে দুই শিশুমেয়েসহ থাকতে শুরু করেন বাবলু ও নূরজাহান।
রোববার সারাদিন ঘরের দরজায় পর্দা ঝুলতে দেখেছেন রশিদ মাস্টার ও তার স্ত্রী। সন্ধ্যায় খেয়াল করেন, সারাদিন তারা কারও সাড়া পাননি। পরে ঘরে ঢুকে নূরজাহানের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
