২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেঁড়া ও ভেজা বই দেওয়া হচ্ছে শ্রীপুর উপজেলায়

ছেঁড়া ও ভেজা বই দেওয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিক্ষার্থীদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:40 AM

Updated : 12 Oct 2022, 04:45 PM

মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের গুদামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নতুন বছরের জন্য বই নিতে এসেছেন। কিন্তু তারা বেশির ভাগই ছেঁড়া ও ভেজা বই পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় বারতোপা শিশুকাননের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার স্কুলের জন্য যে বই পেয়েছি তার ৫০ শতাংশই ছেঁড়া, ভেজা ও নষ্ট। অনেক বই আলগাও হয়ে গেছে।”

মা মনি একাডেমি অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, “আমার প্রতিষ্ঠানের জন্য যেসব বই দেওয়া হয়েছে তার মধ্যে ৯০ শতাংশই ছেঁড়া ও ভেজা।

“এসব বই শিক্ষার্থীরা হাতে পাওয়ার পর আনন্দের বদলে কষ্ট পাবে।”

শিক্ষকেরা বইগুলো বদলে দেওয়ার দাবি করলেও শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান তাদের ছেঁড়া ও ভেজা বই নিতে বাধ্য করেন বলে তাদের অভিযোগ।

শিক্ষা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ভালো কোনো গুদাম নেই। বাতাসে আর্দ্রতাজনিত কারণে কিছু বই নষ্ট হয়ে গেছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার নলেজে ছিল না। খোঁজখবর নিয়ে দেখছি কী করা যায়।”