২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ‘পেঁয়াজ কুড়াতে গিয়ে’ পিকআপের চাপায় নিহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক থেকে পড়া ‘পেঁয়াজ কুড়াতে গিয়ে’ পিকআপের চাপায় চারজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে সলঙ্গার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতরা হলেন- সলঙ্গার নাইমুড়ী দিঘির চালা গ্রামের সোনা তালুকদারের ছেলে রিয়াজ (৪৫), নাইমুড়ি রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭), রোয়াপাড়ার কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ও নাইমুড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে হমিদ শেখ (৪০)।

ওসি বলেন, কুয়াশার কারণে ভোরে নাইমুড়ি এলাকায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে উল্টে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

“সকালে ওই ট্রাক থেকে পড়া পেঁয়াজ কুড়াতে থাকে স্থানীয়রা। এ সময় মাছবাহী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

সিরাজগঞ্জ সদর থানার এসআই নাজমুল আলম টুটুল জানান, হাসপাতালে আনার পথে মনিরুলের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদের মৃত্যু হয়।

পিকআপটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।