১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর বাসায় হামলা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারীর বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 10:07 AM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার রাত ৯টার দিকে শহরের নতুনবাজারে উপজেলা পরিষদের পাশে মনিরুল ইসলাম হাওলাদারের বাসায় এ হামলা হয়।

নৌকা প্রতীকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে মনিরুল অভিযোগ করলেও আওয়ামী লীগ প্রার্থী তা অস্বীকার করেছেন।

ধানের শীষ প্রার্থী এ বি এম জিলানীর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার জানান, রাত ৯ টার দিকে তার বাসায় হামলা চালিয়ে জানালার কাচ ভাংচুর করে এবং ৮-১০টি হাতবোমার বিস্ফারণ ঘটায় নৌকা প্রতীক সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতবোমার বিস্ফোরণে শহরে আতংকের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

ওই সময় লাঠিসোটা হাতে একদল যুবককে ঘোরাফেরা করতে দেখা গেছে।

মনিরুল ইসলাম বলেন, “ধানের শীষের জোয়ার দেখে নৌকা প্রতীকের লোকজন তার বাসায় হামলা চালিয়ে ভাংচুরসহ হত্যার হুমকি দেয়।”

রায়পুর থানার ওসি লোকমান হোসেন জানান, অ্যাডভোকেট মনিরুল ইসলামের বাসায় নয়, চেম্বারের গ্লাস ভাঙ্গা হয়েছে।

অ্যাডভোকেট মনিরুল ইসলামের বাসা ও চেম্বার একই ভবনে অবস্থিত।

এ ব্যাপারে নৌকা প্রার্থী ইসমাইল হোসেন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ সমর্থকরা এ ধরনের ঘটনা ঘটায়নি।