‘নকলে বাধা’, মাগুরায় শিক্ষককে পিটিয়ে জখম
নকলে বাধা দেওয়ায় মাগুরা শহরের আদর্শ কলেজের এক শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষক হাবিবুর রহমানকে (৫৯) মাগুরা সরকারি কলেজের ছাত্র নাজমুল হোসেন নাহিদ পেটান বলে জানান আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস।
নাজমুল শহরের দড়িমাগুরা এতিমখানা এলাকার খাইরুল ইসলামের ছেলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএ পাশ কোর্সের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালে নকলে বাধা দেওয়ায় অশালীন আচরণ করেন নাজমুল হোসেন।
“এ কারণে শিক্ষক হাবিবুর তার খাতা নিয়ে গেলে দেখে নেওয়ার হুমকি দেয় সে। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে বাড়ি যাওয়ার সময় কলেজ গেইটে ওৎ পেতে থাকা নাহিদ ওই শিক্ষককে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।”
পরে স্থানীয় ক্লিনিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ওসি আজমল হুদা জানান, এ ঘটনায় নাজমুলকে আসামি করে সদর থানায় মামলা করেছেন হাবিবুর রহমান। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
