নাটোরে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীসহ ২ জনের জরিমানা
পৌর নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা ও বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ দলীয় এক মেয়র প্রার্থীসহ দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা ও বড়াইগ্রামে একই দলের মেয়র প্রার্থী আব্দুল বারেক সরদারের ভাই বাকের সরদারকে এই জরিমানা করে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে স্থানীয় এক সংসদ সদস্যসহ পাঁচের বেশি নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় গোপালপুরের প্রার্থী রোকসানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর বড়াইগ্রামে মেয়র প্রার্থী বারেকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তার ভাই বাকের সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপালপুর পৌরসভায় লালপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী কমিশনার শফিকুর আহমেদ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
সহকারী কমিশনার শফিকুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আব্দুল কুদ্দুসসহ পাঁচজনের বেশি কর্মী নিয়ে গোপালপুর পৌর এলাকার রেলগেট এলাকায় মেয়র প্রার্থী রোকসানা পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
পাঁচের অধিক কর্মী সমর্থক নিয়ে প্রচারণা চালানো ও সরকারি সুবিধাভোগী ব্যক্তি নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
এদিকে বড়াইগ্রামে সহকারী কমিশনার নাসরিন বানুর ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
এদিকে সন্ধ্যা ৬টায় বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বারেক সরদারের পক্ষে তার ভাই বাকের সরদারের নেতৃত্বে স্থানীয় লক্ষিকোল বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
খবর পেয়ে বড়াইগ্রামে সহকারী কমিশনার নাসরিন বানুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে বাকেরকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
সহকারী কমিশনার নাসরিন বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রা করার অপরাধে এই জরিমানা করা হয়।
