১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌর ভোটে মেয়র পদে প্রার্থী হওয়া এবং হামলা-ভাংচুরের ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ নূরন্নবী অপুকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 01:29 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ সোমবার দলের এক সভায় এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত অপু দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বাকী বিল্লাহ জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদারের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় নূরুন্নবী অপুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

ইশতিয়াক হোসেন দিদার জানিয়েছেন, নূরন্নবী অপুর সমর্থকরা সোমবার দুপুরে তার বাড়িতে হামলা করে ভাংচুর চালায়।

তবে হামলার অভিযোগ সঠিক নয় দাবি করে নূরন্নবী অপু বলেন, “ইশতিয়াক হোসেন দিদার সোমবার সকালে দেওয়ানগঞ্জের চিকাজানি এলাকায় আমার নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ায় একটু হট্টগোল হয়েছে।”

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।