প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, আটক ২
শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
এরা হলেন ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের আবুল কুলির ছেলে ট্রলি চালক আলাউদ্দিন মিয়া (২৫) এবং পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলার দোহালিয়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে শাহীন মিয়া (২৬)।
ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করে মঙ্গলবার পুলিশ তাদের আটক করে বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান।
ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে গ্রামের বাড়িতে তার নানির কাছে রেখে মা ও বাবা ঢাকায় দিন মজুরের কাজ করেন।
এ ঘটানায় ওই কিশোরীর নানি আটক দুই যুবকসহ অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফি আইনে মামলা করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, প্রায় ৫ মাস আগে ওই কিশোরী একা পাশের নালিতাবাড়ি উপজেলায় তার দাদির বাড়ি যাচ্ছিল।
“পথে টেংরাখালি এলাকায় দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে মোবাইলে সে দৃশ্য ধারণ করে।”
এ ব্যাপারে ওই কিশোরী কাউকে কিছু না বললেও যুবকরা মোবাইলে ওই দৃশ্য ছড়িয়ে দিলে ঘটনা ফাঁস হয়। জিজ্ঞাসাবাদে ওই প্রতিবন্ধী ঘটনার কথা খুলে বলে, বলেন ওসি।
এ ব্যাপারে সিনিয়র এএসপি সার্কেল মো. শাহজাহান মিয়া বলেন, প্রাথমিকভাবে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
মঙ্গলবার ভোরে ভিডিও ফুটেজ দেখে ওই দুই যুবককে সনাক্ত করে পুলিশ তাদের আটক করে বলে জানান এএসপি শাহজাহান।
