লক্ষ্মীপুরে অপহৃত শিশু সিলেটে উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর থেকে অপহৃত শিশুকে চার মাস পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান উপজেলার হাজিরহাট তদন্ত কেন্দ্রের এসআই ফরিদ উদ্দিন খাঁন।
উদ্ধার মাসুম (৬) কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মো. মোস্তফার ছেলে।
এ সময় অপহরণকারী হৃদয় পালিয়ে গেছে বলে জানান এসআই।
মামলার বরাত দিয়ে এসআই জানান, দুই বছর আগে মাসুমের বোন নুর নাহারকে বিয়ে করে হৃদয়। এ বছরের মাঝামাঝি থেকে স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন তিনি।
“গত ৬ অগাস্ট মাসুমকে অপহরণ করে হৃদয়। এরপর মাসুমের পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে হৃদয়।”
এ ঘটনায় মাসুমের বাবা একটি মামলা করলে তাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে সিলেট বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
