ভৈরবে বস্তাচাপায় ২ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে সিমেন্টের বস্তায় চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার বিকেল ৪টার দিকে শহরের পুরাতন মেঘনা ফেরিঘাট এলাকায় দুলাল চন্দ্র সাহার গুদামে এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার।
নিহতরা হলেন- উপজেলার চানপুর গ্রামের মৃত আ. হেকিম মিয়ার ছেলে মিলন (৩০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরের মোসলেম মিয়া (৪০)।
আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহার গুদাম থেকে সিমেন্টের বস্তা ট্রাকে তোলার কাজ করছিলেন ৩৬ শ্রমিক। হঠাৎ সারিবদ্ধ করে রাখা বস্তা পড়ে গেলে সাত শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলে মিলন ও মোসলেম মারা যান।
বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই গুদাম মালিক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
