চাঁপাইনবাবগঞ্জে ‘র্যাবের গোলাগুলি’, যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার মোবাশ্বের রহিম জানান, সদর উপজেলার চক আলমপুরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত রাজমিস্ত্রি তোফয়েল আহমেদ মিলন (২০) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।
তবে দুই সপ্তাহ আগে ঢাকা থেকে মিলনকে র্যাব ধরে নিয়ে যায় বলে দাবি করছে তার পরিবার।
মোবাশ্বের রহিম বলেন, “মঙ্গলবার রাত আড়াইটার দিকে র্যাবের একটি দল টহল দিচ্ছিল আলমপুর এলাকায়। ওই সময় স্থানীয় একটি আমবাগান থেকে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
“কিছুক্ষণ পর র্যাব সদস্যরা সেখানে একটি লাশ ও কিছু অস্ত্র পড়ে থাকতে দেখেন।”
র্যাব সেখান থেকে একটি রিভলবার, একটি পিস্তল, চারটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে চলে যায় এবং লাশ উদ্ধারের জন্য থানায় খবর দেয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তবে মিলন র্যাবের গুলিতে নিহত হয়েছেন কি না তা নিশ্চিত করেননি কমান্ডার মোবাশ্বের।
নিহত মিলনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, র্যাবের কাছ থেকে খবর পেয়ে র্যাবের উপস্থিতিতেই সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
লাশটি এখন সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে সঠিক সংখ্যাটা নথি দেখা ছাড়া বলা যাবে না।
নিহত মিলনের মা ফিরোজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ১৯ নভেম্বর তাকে ঢাকার কাজীপাড়া থেকে র্যাব ধরে নিয়ে আসে।
তিনি জানান, খবরটি শোনার পর তারা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী র্যাব কার্যালয়ে যোগাযোগ করলে তারা মিলনকে আটকের বিষয়টি জানেন না বলে জানান এবং যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
“মিলনের দাদি জলেনুর বেগম চার দিন আগে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।”
মিলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; তবে গ্রাম্য দলাদলিতে যুক্ত ছিলেন বলে জানান ফিরোজা।
