কলাপাড়ার মেয়র পদে আ.লীগের প্রাথমিক প্রাথী বাছাই
অনিয়মের অভিযোগ উপেক্ষা করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানকে মনোনীত করে কেন্দ্রে নাম পাঠিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন নাম পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রোববার পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অপর চার প্রার্থী।
সেদিন সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়েছে, রাকিবুল আহসানকে মনোনীত করতে স্থানীয় সাংসদ মাহবুবুর রহমান তালুকদার পৌরসভার সব ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে ‘ভোট আদায় করেন।’
এছাড়া মেয়র প্রার্থী মনোনয়ন ফরম ক্রয়ে ২৫ হাজার টাকা ও কাউন্সিলর প্রার্থীর ফরম ক্রয়ে ১৫ হাজার টাকা রসিদের মাধ্যমে আদায় করেন।
মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার ও টিয়াখালী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, পৌরসভার ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সভাপতি, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ শহর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমি মনোনয়ন দেয়ার কেউ না। কেন্দ্রের নির্দেশনামতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ মনোনয়ন বোর্ডের সঙ্গে কাজ করেছি।”
