২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদার’ দাবিতে হত্যা

নোয়াখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে যাকে ‘চাঁদা না পেয়ে’ দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পরিবারের দাবি।   

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 03:01 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইচরা গ্রামের একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন (৪৭) ওই গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

ওসি বলেন, সকালে স্থানীয়রা ইসমাইলের বাড়ির সামনে গোলাগুলির শব্দ শুনতে পায়। এরপর সেখানে ক্ষেতের মধ্যে তার গুলিবিদ্ধ ও ক্ষত-বিক্ষত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ইসমাইলের শরীরে ধারালো অস্ত্র ও  গুলির চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, “চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ইসমাইলের স্ত্রী শেফালী বেগম বলেন, “গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ইমাইলের কাছে চাঁদা দাবি করছিল। রোববার ভোরের দিকে ওই সন্ত্রাসীরাই বাড়ি থেকে তাকে ধরে নিয়ে হত্যা করেছে।”

তবে এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানাতে পারেননি শেফালী।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।