বাগেরহাটে মহিলা দলের নেতা গ্রেপ্তার
বাগেরহাটে ‘নাশকতার পরিকল্পনার' অভিযোগে জেলা মহিলা দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুনা গাজী (৩৩) বাগেরহাট জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও চিতলমারী উপজেলা মহিলা দলের সভানেত্রী।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিতলমারী উপজেলা সদরে রুনার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জানান।
শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নাশকতার পরিকল্পনার অভিযোগে রুনা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চিতলমারী থানায় নাশকতার মামলাও রয়েছে।”
শুক্রবারই এই বিএনপি নেত্রীকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, “রুনা গাজীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
