১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিনিয়র সহকারী সচিবের গাড়িতে ফেনসিডিল

কুমিল্লার চান্দিনায় ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগানো’ একটি গাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 01:28 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় চালকসহ ওই গাড়ি আটক করা হয় বলে জানান হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কের মাধাইয়া এলাকায় সংকেত দিলেও চালক বাশার (৩২) গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে খাদঘরে গাড়িটি আটক করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

খাদঘরে ব্যারিকেড দেওয়ার পরপরই গাড়িতে থাকা একজন দ্রুত পালিয়ে যান জানিয়ে এসআই মনির বলেন, “তার নাম বাহার বলে আটক বাশার জানিয়েছে।”

গাড়িচালক বাশার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের ছেলে।

জব্দকৃত গাড়িটি (ঢাকা মেট্রো-গ-৩৭-০৩৬৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল্লাহ হাক্কানী ব্যবহার করতেন বলে জানান হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার অফিসার ইন-চার্জ (ওসি) জুনায়েত হোসেন।

তিনি বলেন, “গাড়িতে তার সিল ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে।”

গাড়ি আটকের পর সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ হাক্কানীর সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে জানিয়ে ওসি জুনায়েত বলেন, “স্যার গাড়িটি ব্যবহারের কথা স্বীকার করলেও মাদক চালান সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।”