২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতার লাশ উত্তোলন দাফনের ৮দিন পর

গাজীপুরে দুর্ঘটনায় নিহত ও অজ্ঞাত হিসেবে দাফনের এক সপ্তাহ পর উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে শ্রীপুরের স্থানীয় এক ছাত্রদল নেতার লাশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 01:16 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থান থেকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেনের উপস্থিতিতে শরিফুল ইসলামের লাশ উত্তোলন করা হয়।

শরিফুল বরমী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ২০ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর উপজেলার মূলাইদের ওয়াপদা মোড়ে দুইটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হন।

তাদের মধ্যে ট্রাক চালক টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ নাটিখোলার ইয়াকুব আলী (৪৮) ও চুয়াডাঙ্গা সদরের ফিরোজ রোড এলাকার জিয়াউর রহমান রনির (৩২) পরিচয় পাওয়া গেলে তাদের লাশ স্বজনরা নিয়ে যান বরে জানান ওসি।

“কিন্তু তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় না পাওয়ায় ২১ সেপ্টেম্বর তার লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়।” 

ওসি বলেন, পরবর্তীতে নিহতের ভাই শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকার মইনুল ইসলাম পুলিশের সংগৃহীত আলামত লুঙ্গি ও গেঞ্জি দেখে ওই লাশটি তার ভাই শরিফুল ইসলামের বলে সনাক্ত করেন।

শরিফুলের রাজনৈতিক পরিচয়ও তিনি নিশ্চিত করেন বলে ওসি জানান। 

ওসি বলেন, মইনুল গত রোববার (২৭ সেপ্টেম্বর) লাশটি উত্তোলন করে পারিবারিক কবরস্থানে স্থানান্তরের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

জেলা প্রশাসকের অনুমতির পর মঙ্গলবার বিকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই পাঠানটেক এলাকায় পারিবারিক কবরস্থানে লাশ স্থানান্তর করা হয় বলে জানান ওসি।