২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে ঢুকে যুবককে পেটাল বিএসএফ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে এক যুবককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার সীমান্তে এ ঘটনার পর টহল জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।

কুড়িগ্রাম বিজিবি ৪৫ ব্যাটালিয়নের কেদার ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার শামসুল আলম বলেন, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০১৫ এর কাছ দিয়ে বিএসএফের দুই জওয়ান পোশাক খুলে ও অস্ত্র রেখে বাংলাদেশের ভিতরে ঢোকে।

“এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি ও পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাখ্যা দাবি করা হয়েছে। এখন পর্যন্ত বিএসএফ পক্ষ সাড়া দেয়নি।”

বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, পূর্ব কেদার গ্রামের আজিজুল হক বাবু (৩৫) দুপুরে নো-ম্যান্স ল্যান্ডে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। এর উল্টো দিকেই ভারতের লক্ষ্মীমারী বিএসএফ ক্যাম্প।

“ওই ক্যাম্পের দুই জওয়ান তাদের অস্ত্র ও পোশাক খুলে জঙ্গলের পাশ দিয়ে এসে আকস্মিক বাবুকে আটক করে মারধর শুরু করে।বাবু তার হাতে থাকা গরু চড়ানোর লাঠি দিয়ে পাল্টা হামলা চালায় এবং চিৎকার করতে থাকে।”

তার চিৎকারে গ্রামবাসী ছুটে এলে বিএসএফের দুই জওয়ান পালিয়ে যায় বলে জানান তিনি।