ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলে ধীর গতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন, ফলে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শনিবার ভোরে মুষলধারে বৃষ্টি এবং মহাসড়কে পশু বোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় চন্দ্রা ত্রিমোড় ও এর আশে পাশের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলছে।
এতে মহাসড়কে আটকা পড়ে গরু বোঝাই ট্রাক চালক ও ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি দাউদ খান জানান, মহাসড়কে পশুবাহী ট্রাক ও অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে।
তবে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
ঢাকাগামী গরুবোঝাই ট্রাক নিয়ে যানজটে পড়েছেন গরু ব্যবসায়ী জাকির হোসেন।
তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে রাত সাড়ে ৩টায় রওনা হয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় এসে পৌঁছেছি সকাল সাড়ে ১০টায়।
“রাস্তায় প্রচুর যানজট। কিছুদূর চলে আবার থেমে থাকতে হয়।এভাবেই এগুচ্ছি।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের গতি ধীর হলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সমস্যা নেই বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাহার আলম জানিয়েছেন।
