সমুদ্রে গোসলে নেমে শিশুর মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের টানে ভেসে যাওয়ার ছয় ঘণ্টা পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ৯টায় সমুদ্র সৈকতের ডায়াবেটিক্স পয়েন্টে শিশুটির লাশ পাওয়া যায় বলে জানান কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি মো. জহিরুল ইসলাম।
বেলা ৩টার দিকে পানিতে গোসল করতে নেমে নিঁখোজ হয়েছিল সে।
মৃত মিজানুর রহমান (১০) কক্সবাজার শহরের বৈদ্যের ঘোনা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপারেটরি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জহিরুল ইসলাম জানান, মিজানুর তার মা-বাবার সঙ্গে দুপুরে সমুদ্র সৈকতে আসে। এ সময় সেখানে বেড়াতে আসা আরও চার শিশুর সঙ্গে সে সমুদ্রের পানিতে গোসল করতে নামে।
“গোসল করার এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় মিজানুর।” ঘটনার পরপর সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান জহিরুল ইসলাম।
