যশোরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
যশোরে এক ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, বুধবার রাতে জেলার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার শাহারুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার মুখ্য বিচারিক আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বেলে জানান তিনি।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১০ সালের ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনে রিপন সভাপতি পদের প্রার্থী ছিলেন। সেই কমিটি গঠনকে কেন্দ্র করে সেদিন যশোর শহরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে।
“পরদিন বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসার পথে সন্ত্রাসীরা বোমা মেরে ও ধারালো অস্ত্র দিযে কুপিয়ে রিপনকে হত্যা করে।”
তিনি বলেন, এ ঘটনায় রিপনের বাবা শহিদুল ইসলাম থানায় মামলা করেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর পুলিশ এ মামলার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে শাহারুলসহ সাত জনকে আসামি করা হয়।
এদিকে শাহারুলকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে যশোর শহরে মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
