২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিখোঁজ আদিবাসী যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের আট দিন পর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি হাওর থেকে হাত-পা বাঁধা এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার রাখালগঞ্জ এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।

মৃত শ্রীনন্দ পাত্র (৩০) সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের দলইরপাড়া গ্রামের মরিন্দ্র পাত্রের ছেলে।

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্র জানান, গত ১৯ অগাস্ট নিখোঁজ হন শ্রীনন্দ। বিকালে রাখালগঞ্জের হাওরে একটি লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রীনন্দকে শনাক্ত করা হয়।

ওসি সাখাওয়াত বলেন, দুর্বৃত্তরা তাকে খুন করে হাওরের পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের তানজিন আহমদ রুবেলকে আটক করা হয়েছে বলে জানান ওসি।