ফের বন্ধ ভোলা-লক্ষ্মীপুর ফেরি
ভোলা ফেরিঘাট সরিয়ে নেওয়ার দুই সপ্তাহের মাথায় মেঘনার ভাঙনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি পারাপার।
ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক আবু আলম হওলাদগার জানান, সোমবার সকালে ফেরি বন্ধ করে দেওয়া হয়।
এতে ভোলা ও বরিশালের এ রুটে যুক্ত ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভোলা ফেরিঘাটের সংযোগ সড়ক মেঘনায় বিলীন হওয়ায় গত ২৭ জুলাই বিআইডব্লিউটিসি ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ করে দেয়।
ঘাট দেড় কিলোমিটার পূর্বে সরিয়ে নেওয়ার পর গত ১০ অগাস্ট আবার ফেরি চালু করা হয়েছিল।
ওদিকে পদ্মায় নাব্যতা সংকটের কারণে দক্ষিণ জনপদের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ মাওয়ার শিমুলিয়া ও মাদারীপুরের কাওরাকান্দি ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে কয়েকদিন ধরে। দুই ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
