কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলায় অভিযোগপত্র
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিষ্ফোরক মামলায় ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল গত ৫ অগাস্ট এ অভিযাগপত্র দেওয়া হলেও জানানো হয়নি।
সোমবার মামলার নির্ধারিত তারিখে বিষয়টি সবাই জানতে পারেন।
হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা অভিযোগপত্রের উপর শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
অভিযুক্ত ৩২ জনের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্ত মেয়র জি কে গউছ।
মামলায় বাদীর আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ জানান, সোমবার মামলার নির্ধারিত তারিখে কোনো আসামিকে হাজির করা হয়নি।
কিবরিয়া হত্যা মামলায় জেলে থাকা লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক ও জিকে গউছসহ ১৪ জনের আইনজীবী সময় প্রার্থনা করেন।
তবে, হত্যা মামলায় অভিযুক্ত এবং জামিনে থাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুমসহ ৮ জন হাজিরা দিয়েছেন।
অ্যাডভোকেট নিলাদ্রী শেখর আরও জানান, গত ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন্নেছা পারুল কিবরিয়া হত্যা মামলায় জেলে থাকা আসামিদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
“এ প্রেক্ষিতে গত ১ জুন লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গউছসহ কারাগারে থাকা হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।”
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরসহ ৪৩ জন।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বর্তমান জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
হত্যা মামলার বিচারের কাজ সিলেটের দ্রুত বিচার আদালতে শুরু হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার বিচার এখনও শুরু হয়নি।
