২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সাংবাদিকে তুলে নিয়ে ‘হত্যাচেষ্টা’, গ্রেপ্তার ১

শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্র ১০ থেকে ১২ জন দেশি অস্ত্র নিয়ে কবিরের ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ।

লালমনিরহাটে সাংবাদিকে তুলে নিয়ে ‘হত্যাচেষ্টা’, গ্রেপ্তার ১
লালমনিরহাট সদর হাসপাতাল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

লালমনিরহাট সদর উপজেলার স্থানীয় এক পত্রিকার সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তার মাও।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢঢগাছ এলাকায় এ ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি নুর নবী।

আহত হেলাল হোসেন কবির (৩২) স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক আলোর মনি’ এর নির্বাহী সম্পাদক। অপর আহত কবিরের মা ছামছুন্নাহার বেগম লুসি। তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

গ্রেপ্তার সোহরাব আলী (৫০) ওই একই এলাকার মকবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় কবির বাদী হয়ে ১১ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। 

মামলায় বলা হয়েছে, শনিবার রাতে কবির পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্র ১০ থেকে ১২ জন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে কবিরকে এলোপাতাড়ি পিটিয়ে তার পকেট থেকে ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়।

এ সময় ছেলেকে বাঁচাতে মা ছামছুন্নাহার এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করেন হামলাকারীরা। মা-ছেলের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আসামিদের বিরুদ্ধে কবির এর আগে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে মামলায় বলা হয়েছে।

লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক গোকুল রায় বলেন, একজন সাংবাদিকে বাড়ি থেকে তুলে নিয়ে পেটানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ওসি নুর নবী বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।