২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে খাস জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতি বছর ওই জমি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান এক ইউপি সদস্য।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। 

সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন।

নিহত মো. বেলাল হোসেন (৫২) ওই ইউনিয়নের প্রয়াত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

আহত পাঁচজন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ২০ শতাংশ খাসজমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে কয়েকদিন আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার সকালে দুই পক্ষের লোকজন খাসজমি দখলের চেষ্টার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত ছয়জনকে উপজেলা হাসপাতালে নিলে বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, “প্রতি বছর ওই খাসজমি নিয়ে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আজকের সংঘর্ষে আব্দুল হাকিমের পক্ষের বেলাল হোসেন নিহত হয়েছেন। তিনি আব্দুল হাকিমের ভাতিজা।”

ওসি তছলিম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।