২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।

যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড
যশোর আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 03:46 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই সহোদরের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন এক নারী।

সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে ওসমান এবং আলী হোসেন। খালাস পেয়েছেন ওসমানের স্ত্রী খাদিজা খাতুন।

এপিপি আজিজুল ইসলাম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডা হয়। 

এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারাল দা দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। 

পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা যান বলে জানান এপিপি।

এ ঘটনায় কামরুলের বাবা রুহুল আমিন তিনজনের নামে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার এসআই বনি ইসরাইল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান আজিজুল ইসলাম।

সাক্ষ্য গ্রহণ শেষে দুই ভাইকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং আরেক আসামিকে খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।