২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০

চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 07:41 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

মাগুরা সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ বাজার এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন।

আহতদের মধ্যে- মোহাম্মদ চন্নু বিশ্বাস (৪৫), নিলয় বিশ্বাস (২৭), নাহিদ হাসান (৩০) ও টোকন বিশ্বাস (২৮) মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাহারবাগ হাইস্কুল মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুই পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। 

ওসি আব্দুল আল মামুন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।