১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০ দোকান

ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 10:06 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে মুরগি, আলু-পিয়াজ, বিভিন্ন মসলা ও মুদিসহ ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কাঁচা বাজারে আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

ব্যবসায়ী আনিসুর রহমান জানান, কাঁচা বাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপর তা আশেপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। তার ধারণা আগুনে অন্তত ৪০টি দোকান এবং মালামালসহ ভস্মীভূত হয়ে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।