বগুড়ায় আরেকটি ‘মাগুরা-মার্কা’ ভোট হতে দেওয়া হবে না: জামায়াত
বগুড়া-৬ আসনে ধানের শীষ মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত প্রার্থী।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আরেকটি ‘মাগুরা-মার্কা’ ভোট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
ভোটের প্রচারে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে শনিবার দুপুরে বগুড়া শহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি বগুড়ায় আরেকটি ‘মাগুরা-মার্কা’ নির্বাচন করার পাঁয়তারা করছে।
“প্রশাসন বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নিচ্ছে না। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৯ এপ্রিলের উপনির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে।”
প্রচারে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে আবিদুর রহমান বলেন, “আমি উপনির্বাচনে প্রার্থী হওয়ার পর ১২ মার্চ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম তুলে ধরেছিলাম। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বিরোধী পক্ষ ধানের শীষ মার্কার লোকজন নির্বাচনি পরিবেশ অশান্ত করে তুলছেন।
“শাখারিয়া ইউনিয়ন বিএনপি নেতারা আমার মহিলা কর্মী মাজেদা বেগমের বাড়িতে দুইবার গিয়ে হাত-পা ভেঙে মেরে ফেলার হুমকি দিয়েছে। ফাঁপোড় ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মিজানুর করিম মাসুদ আমার দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে নিষেধ করছে এবং খুন-জখমের হুমকি দিচ্ছে।”
তিনি বলেন, “২০ নম্বর ওয়ার্ডে আমার উঠান বৈঠক করার খবর পেয়ে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে সমাবেশ পণ্ড করতে হুমকি-ধামকি প্রদান এবং পাশেই মাইক বাজিয়ে সমাবেশ পণ্ড করা হয়। এরুলিয়া এলাকায় মহিলা কর্মী নাজনিন আক্তারকে বিএনপির মহিলা দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ফাঁপোড় এলাকায় আমার কর্মী নেছার উদ্দিনকে বিএনপির লোকজন হত্যার হুমকি দিচ্ছে।
“সমগ্র আসনে আমার ব্যানার, ফেস্টুন খুলে ফেলে ধানের শীষ মার্কার ব্যানার টাঙ্গিয়েছে। বিএনপি দলীয় প্রার্থী ও তার দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত নানা ধরনের আচরণবিধি লঙ্ঘন করে আসছে। তার বিরুদ্ধে আমি এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা এবং অনুসন্ধান ও বিচারিক জজের কাছে মোট ১৫টি অভিযোগ দাখিল করেছি।
“প্রত্যেক অভিযোগের সঙ্গে সচিত্র ভিডিও আছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত একটি অভিযোগের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এভাবে যদি চলতে থাকে তাহলে পূর্বের আশঙ্কাই প্রতিফলন হতে যাচ্ছে- তা হলো আবার বগুড়ায় ‘মাগুরা-মার্কা’ নির্বাচন করা। এর মধ্যে শুনতে পাচ্ছি যে, বিএনপি দলীয় প্রার্থী গোটা বগুড়া জেলা থেকে লোকজন ভাড়া করে ভোটের দিন কেন্দ্র দখলে নিয়ে ভোট ডাকাতি করবেন।”
উপনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান। দাবিগুলো হলো- ১. আচরণবিধি লঙ্ঘন করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। ২. চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার। ৩. নির্বাচনের দিন প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন। ৪. দলীয় প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ বাতিল এবং ৫. নির্বাচনের আগে থেকে সেনাবাহিনী মোতায়েন ও ভোটের দিন সেনাবাহিনীসহ অধিক সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান জামায়াত প্রার্থী।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আ.স.ম আব্দুল মালেক, সদস্যসচিব মাওলানা আব্দুল হাকিম সরকার, জামায়াত নেতা রফিকুল আলম, আল-আমিন, আব্দুল হালিম বেগ, আব্দুস ছালাম তুহিন, আজগর আলী, ইকবাল হোসেন, শাহীন মিয়া এবং নুরুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত প্রার্থীর অভিযোগ প্রত্যাখ্যান করে করে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, পরাজয় নিশ্চিত জেনে জামায়াত মিথ্যা অভিযোগ করছে। জামায়াতের অভিযোগের কোনো ভিত্তি নেই।
