২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। সেসময় শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল।

ময়মনসিংহে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু
রাফসা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:59 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিন অনুষ্ঠানের প্রস্তুতির সময় গলায় বেলুন  আটকে সাতমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম। 

নিহত সাতমাস বয়সী রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যদের বরাতে ইউপি সদস্য মাহাবুল আলম বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা তার জন্মদিন পালনের প্রস্তুতি নেন। 

সেই অনুয়ায়ী রাত সাড়ে ৮টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। সেসময় শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল।

শিশুটি সবার অজান্তে মুখে বেলুন ঢুকিয়ে দেয়, যা দুর্ঘটনাক্রমে তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই শিশুটি মারা যায়। 

ইউপি সদস্য মাহাবুল আলম বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটির জন্ম দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। এ ঘটনায় পুরো এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।