ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
“শিশুটি আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছিল।”
ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।
পাঁচ মাস বয়সী শিশুটি শুক্রবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইফতে খায়রুল ইসলাম।
মারা যাওয়া তারানুন জেলার রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
হাসপাতালের তথ্য মতে, গত ২০ মে হামজনিত উপসর্গ নিয়ে দ্বিতীয় দফায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিশুটিকে।
শনিবার দুপুরে মেডিকেল অফিসার ইফতে খায়রুল ইসলাম বলেন, “শিশুটি আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছিল।
“হঠাৎ আবারও শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম। এরপর শনিবার তার হামে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। “
তিনি বলেন, “আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, চিকিৎসা কোনো কমতি রাখা হয়নি।”
এদিকে হাসপাতালের দেয়া হামের তথ্য মতে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ১১০ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের মধ্যে আট জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
