১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদী কারাগারের ৩৪৮ কয়েদির আত্মসমর্পণ

সোমবার পাঁচজন, মঙ্গলবার ১২৮ জন এবং বুধবার ১৫৫ জন আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 02:07 AM

Updated : 26 Aug 2026, 10:05 AM

হামলা, অগ্নিসংযোগের পর নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মোট ৩৪৮ কয়েদি ও আসামি আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া লুট হওয়া ৩৯ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পলাতক আসামিদের মধ্যে বুধবার ১৫৫ জন নিজেদের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন। 

এর আগে সোমবার পাঁচজন, মঙ্গলবার ১২৮ জন এবং বুধবার ১৫৫ জন আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া জেলার সাত থানায় আরও ৬০ জন আত্মসমর্পণ করেছেন। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের নামে নতুন করে কোনো মামলা দেওয়া হয়নি। আরও যারা আসবেন তাদের আত্মসমর্পণও নেওয়া হবে। 

এদিকে নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কারাগারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ১০২ জনকে গ্রেপ্তার, ৩৯টি অস্ত্র ও এক হাজার ৮৫টি গুলি উদ্ধার করা হয়েছে। 

জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা-অগ্নিসংযোগ করে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দিলে নয় ‘জঙ্গি’সহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এ সময় অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

প্রাথমিকভাবে কারা কর্তৃপক্ষ ও রক্ষীরা প্রতিহত করার চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে তারা জীবন বাঁচাতে কয়েদিদের সঙ্গে মিশে যান। এ সময় যেসব কয়েদি জেল ছেড়ে পালাতে চাননি তাদের মারধরও করা হয়।