২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১০ দিন আগে গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

“বিনা উস্কানিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর গুলি এবং ককটেল ছোড়ে। এতে গুলিবিব্ধ হয়ে মারা গেছেন আমাদের সহকর্মী আবুল কালাম।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 10:18 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

কুমিল্লা নগরীতে গুলিবিদ্ধ হওয়া বিএনপিপন্থী এক আইনজীবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামের ওই আইনজীবীর মৃত্যু হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান।

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমুল হক রিংকু বলেন,   গত ৫ অগাস্ট বিকালে কুমিল্লার আদালতে হামলার খবর পেয়ে তিনি ও তার দুই ছেলে শাফিউল হক আলভী ও আরফানুল হক অবরিন এবং আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন আইনজীবী সেখানে যান।

পরে মাগরিবের নামাজের সময় নগরীর মোগলটুলী এলাকায় পৌঁছলে তাদের ওপর হামলা ও গুলি করা হয়। এ সময় আবুল কালাম কোমরে গুলিবিদ্ধ হন।

তিনি বলেন, “আমার দুই ছেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহত হন আরও ৬-৭ জন আইনজীবী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শঙ্কটাপন্ন অবস্থায় ওই রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবুল কালামকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

রিংকু বলেন, “আদালতে সহিংসতা থামিয়ে ফেরার পথে বিনা উস্কানিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর গুলি এবং ককটেল ছোড়ে। এতে গুলিবিব্ধ হয়ে মারা গেছেন আমাদের সহকর্মী আবুল কালাম। এ সময় আমিসহ আরও অনেকেই আহত হই।”

ওসি ফিরোজ হোসেন বলেন, “আইনজীবী আবুল কালাম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বুধবার রাতে তার সহকর্মী জসিম উদ্দিন বাদী হয়ে স্থানীয় কাউন্সিলর রায়হানসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।”

“তিনি (কালাম) মারা যাওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”