২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের বিরুদ্ধে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে ওই শিক্ষককে বিভাগের সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাবি শিক্ষকের বিরুদ্ধে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:17 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতির বিরুদ্ধে বিভাগের উপ রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে জানিয়ে নিজের নিরাপত্তা চেয়ে রাতেই নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন কর্মকর্তা মো. রেজাউল করিম হাওলাদার (৫৮)। 

ডায়েরিতে তিনি উল্লেখ করেন, “সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদের স্ত্রী নুসরাত পারভীন শান্তা ভাবি বুধবার দুপুর ১২টার দিকে বিভাগের অফিসে আসেন। 

“তিনি আমার হাতে স্যারের (অধ্যাপক মুসতাক আহমেদ) ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের একটি পত্র দিয়ে বলেন, ‘আপনার স্যার আপনাকে সভাপতির কাছ থেকে এটি রিসিভ করিয়ে দিতে বলেছেন।’ তখন আমি তাকে জানাই, সভাপতি স্যার ছুটিতে আছেন। আপনি আজকে রেখে যান। সভাপতি স্যার অফিসে এলে আমি তাকে দিয়ে রিসিভ করিয়ে পিয়নের মাধ্যমে রিসিভ কপি পাঠিয়ে দেব।”

“এরপর ভাবি আমার কাছে জানতে চান, বিভাগের টাকা-পয়সার ব্যাপারে কী হয়েছে? ‘আপনাদের স্যার তো সব টাকা পরিশোধ করে দিয়েছেন।” 

তখন আমি তাকে জানাই, বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেছেন, ‘সাবেক সভাপতি মুসতাক আহমেদ এ পর্যন্ত ১০ নাকি ২০ লাখ টাকা জমা দিয়েছেন, তা আমি জানি না। তাকে সব জমার তালিকাসহ রসিদের ফটোকপি সংযুক্ত করে সভাপতি বরাবর পাঠাতে বলবেন’। 

“এরপর ভাবি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম স্যারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে অফিস ত্যাগ করেন।” 

রেজাউল করিম হাওলাদার সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করেছেন, “অধ্যাপক মুসতাক আহমেদের স্ত্রী অফিস ত্যাগ করার কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১২টার দিকে অফিসের ল্যান্ডফোনে কল এলে আমি নিজেই তা রিসিভ করি। ফোনের অপর প্রান্ত থেকে অধ্যাপক মুসতাক আহমেদ আমার কণ্ঠ শোনা মাত্রই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।”

এ বিষয়ে রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভাপতি থাকার সময় অধ্যাপক মুসতাক আহমেদ বিভাগ থেকে যে টাকা-পয়সা নিয়েছেন, সেগুলো তিনি আমাকে সমন্বয় করতে বলেছিলেন। কিন্তু তা করতে রাজি না হওয়ায় আমাকে অকথ্যভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমি কীভাবে কাজলায় থাকি, তিনি দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। আমার জীবনের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করে রেখেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, “আমার অ্যাকাডেমিক অবস্থান ও সুনাম নষ্ট করার জন্য বিভাগের কতিপয় শিক্ষক ষড়যন্ত্র করছেন। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, এ রকম কোনো ঘটনা ঘটেনি।”

সভাপতির দায়িত্ব হস্তান্তরের তিন মাস পর্যন্ত কোনো অভিযোগ তোলা হয়নি দাবি করে তিনি বলেন, “কিন্তু ৫ অগাস্টের পর অস্বাভাবিক পরিস্থিতিতে এখনি এসব বিষয়গুলো ঘটানো হচ্ছে।”

এ ব্যাপারে মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, “অভিযোগপত্র হাতে পেয়েছি। পরে অভিযোগকারী ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, বিভাগের সভাপতির মেয়াদ শেষ হওয়ার পর গত ১ সেপ্টেম্বর মুসতাক আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়নপত্র, অ্যাকাডেমিক পরিসরে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দেন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। 

পরে এক সভায় মুসতাক আহমেদকে বিভাগের সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।