২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ধানের শীষের পরাজিত প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন; যাদের মধ্যে চার পুলিশ সদস্য।

শুক্রবার দুপুরে উপজেলা শহরের থানার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি জেল্লার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী রাশেদ খান তার দলীয় কার্যালয়ে সভা করছিলেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতা মতি মিয়া ও পিন্টুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় এক পক্ষের ধাওয়ায় অন্য পক্ষ থানার ভেতর ঢুকে পড়ে। সেখানেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। বাধা দিতে গেলে হামলার শিকার হয় পুলিশও।

ওসি জেল্লার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে গেলে পুলিশের চার কনস্টেবলসহ ১০ জন আহত হন। এ ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির দুই পক্ষের নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি।