২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১৭ বছর আগের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

২০০৭ সালের ২৫ জুলাই পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে শফিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

কিশোরগঞ্জে ১৭ বছর আগের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পাকুন্দিয়ায় রংমিস্ত্রীকে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কামাল।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 05:34 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে ১৭ বছর আগের এক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি এপিপি দিলীপ কুমার ঘোষ।

রায়ে মামলার আসামি মো. কামালকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল ও দীন মোহাম্মদ নামে দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাতে এপিপি দিলীপ কুমার বলেন, ২০০৭ সালের ২৫ জুলাই পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে শফিক নামে এক রংমিস্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন সন্ধ্যায় নিহতের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

পরদিন নিহতের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুল হান্নান ও আবু তালেব আমান।