২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বজ্রপাতের শব্দে শ্রেণিকক্ষে ১১ শিক্ষার্থী অসুস্থ

তাদেরকে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে শ্রেণিকক্ষে থাকা ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। 

অসুস্থ শিক্ষার্থীরা হল- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি। 

সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, প্রতিদিনের মতই ক্লাস চলছিল। এ সময় ঝড় শুরু হয়। পরে বজ্রপাত হলে বিকট শব্দে বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া অন্তত ১২-১৩ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। 

অন্য শিক্ষার্থীদের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদেরকে একটি আলাদা কক্ষে নিয়ে যান শিক্ষকরা। তবে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে তাদেরকে ফুলঝুড়ি বাজারে উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. জান্নাতি বেগম বলে, “আমাদের ক্লাস চলাকালে বৃষ্টি শুরু হয়। ওই সময় স্কুলের সামনে থাকা একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দ হয়। তাতে স্কুলের কয়েকজন অসুস্থ হয়ে যায়। অসুস্থদের বেশিরভাগ তৃতীয় তলায় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ক্লাসে ছিল। আর আমরা চার তলায় ক্লাসে ছিলাম।”

রিফা নামে আরেক শিক্ষার্থী বলে, “আমাদের স্কুলের সামনেই বজ্রপাত হয়েছে। ওই সময় বিকট শব্দে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. বশির হোসেন বলেন, ওরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, বয়স কম হওয়ায় শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দে ভয় পেয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে থাকা স্বজন এবং সহপাঠীদের চিৎকারে ভয়টা আরও বেড়েছে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের কেউই তেমন কোনো খারাপ অবস্থায় নেই।