লক্ষ্মীপুরে অন্যত্র বিয়ের খবরে সাবেক স্ত্রী-শ্বশুরকে কুপিয়ে হত্যা
বিয়ের পর থেকেই সুমন স্ত্রী রাশেদাকে মারধর করতেন। তাই রাশেদাকে তার বাবা-মা সম্প্রতি নিজের বাড়িতে নিয়ে আসেন।
লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ের খবরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার সন্ধ্যায় রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে (৯নং ওয়ার্ড) চরকলা কোপা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন।
নিহতরা হলেন, চরকলা কোপা গ্রামের মো. বাদশা মিয়া (৫০) ও তার মেয়ে রাশেদা বেগম (২২)। গুরুতর জখম হয়েছেন বাদশা মিয়ার স্ত্রী আঙ্কুরী বেগম (৪৫)।
পেশায় ইট ভাটার শ্রমিক বাদশা মিয়া ওই গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। বাদশা ও আঙ্কুরী দম্পতির চার ছেলে ও এক মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, কমলনগর-রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী, রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বাদশা মিয়ার মেয়ে রাশেদার সঙ্গে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের (৪নং ওয়ার্ড) পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. জাকির হোসেন সুমনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সুমন-রাশেদা চট্টগ্রামে বসবাস করতেন। তাদের সংসারে জাহিদ নামে তিন বছরের একটি ছেলে রয়েছে।
স্থানীয়দের বরাতে রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, বিয়ের পর থেকেই সুমন স্ত্রী রাশেদাকে মারধর করতেন। তাই রাশেদাকে তার বাবা-মা সম্প্রতি নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের মধ্যে তালাক হয়।
এর মধ্যে ২০ দিন আগে পারিবারিকভাবে নোয়াখালী সদরের আন্ডারচর এলাকার আব্দুল কাদেরের সঙ্গে বিয়ে হয় রাশেদার। বিষয়টি জানতেন না সুমন।
বুধবার সন্ধ্যায় সুমন রাশেদাকে নিতে আসলে বিয়ের বিষয়টি জানতে পারেন। এই নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা ও শাশুড়ি আঙ্কুরীকে কুপিয়ে পালিয়ে যান সুমন।
এ সময় ঘটনাস্থলেই রাশেদা ও বাদশা মারা যান। আহত অবস্থায় আঙ্কুরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সুমনকে আটক করতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
