২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শেখ হাসিনার নামে আরও এক মামলা

মামলায় এজাহারভুক্ত ৫৭ জন ছাড়াও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 11:36 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালানো গুলিতে লিখন নামের এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৭ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর সদর থানায় মামলাটি করা হয় বলে ওসি মোস্তাফিজুর রহমান জানান।

মামলার বাদী শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের ১৮ বছর বয়সি লিখনের বাবা মনির হোসেন। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা। 

এজাহারনামীয় অন্য আসামিদের মধ্যে আছেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া ছররা গুলি লিখনের ডান চোখে লাগে এবং শরীরে স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তার চোখ নষ্ট হয়ে যায়।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ অগাস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার আবেদনটি হয় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে।

এরপর থেকে দেশজুড়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই হত্যার অভিযোগে।