১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালী-৩: জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

আহত জাহিদকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ২৪

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 10:29 AM

Updated : 26 Aug 2026, 02:52 PM

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা বোরহান উদ্দিনের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার বিকালে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান। 

১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিনের অভিযোগ, বুধবার বিকালে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ীর দরজায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে যান তার কর্মী সমর্থকরা। 

এ সময় বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮), নজরুল ইসলাম সাগর ও মো. হাবিব উল্লাহ আহত হন। 

এরমধ্যে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

তবে ‘হামলার অভিযোগ অসত্য’ দাবি করে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, “দাঁড়িপাল্লার লোকজন গণসংযোগের নামে উস্কানিমূলক কথাবার্তা বলায় স্থানীয়রা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌঁড়ানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে-পড়ে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছে শুনেছি।”

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান বলেন, দাঁড়িপাল্লা ও ধানের শীষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।