বরিশালে সেলিমার মনোনয়ন দাবিতে মশাল মিছিল
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করে বেগম সেলিমা রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন সমর্থকরা।
সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন।
বরিশাল জেলা যুবদলের সহসভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন বলেন, “বিএনপি একটি বড় দল। বড় দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকাই স্বাভাবিক। তবে যিনি মনোনয়ন পেয়েছেন, তার চেয়ে সিনিয়র ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান দলের দুঃসময়ে বাবুগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকে মামলা-হামলা মোকাবিলা করেছেন।
“বাবুগঞ্জ-মুলাদী আসনের সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি সংযোগ রয়েছে। তাকে মনোনয়নবঞ্চিত করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। আমরা আশা করি, কেন্দ্রীয় নীতিনির্ধারকরা বিষয়টি পুনর্বিবেচনা করে সেলিমা রহমানের মনোনয়ন নিশ্চিত করবেন।”
একই দাবি করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ কামাল সরদার।
মশাল মিছিল ও বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সহসভাপতি ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন সরদার, সেলিম সরদার, উপজেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান শিকদার, মো. মনিরুজ্জামান মিল্টন, মো. হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মো. হারুন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মেহেদী হাসান, আরিফুর রহমান রবিন।
