২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ‘মালয়েশিয়া পাচারের জন্য অপহৃত’ ২ যুবককে উদ্ধার

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

টেকনাফে ‘মালয়েশিয়া পাচারের জন্য অপহৃত’ ২ যুবককে উদ্ধার
কক্সবাজারের টেকনাফে উদ্ধার হওয়া দুই যুবক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 12:18 AM

Updated : 26 Aug 2026, 11:03 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ‘অপহৃত’ দুই যুবককে উদ্ধার করা হয়েছে। যাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে অপহরণ করা হয়েছিল বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার শাপলা চত্বরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটকরা হলেন- রামু রশিদ নগরের আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০) এবং একই এলাকার ছালেহ আহমদের ছেলে মো. হাসান (২৫)।

উদ্ধাররা হলেন- মো. আকাশ (২১) এবং রহমত উল্লাহ (১৮)।

ওসি গিয়াস উদ্দিন জানান, রোহিঙ্গা এক নাগরিক ও স্থানীয় এক যুবককে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বন্দি করে রাখা হয়েছে, এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই যুবককে উদ্ধারসহ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

টেকনাফ থানার এসআই সনজীব কুমার জানান, উদ্ধার হওয়া যুবকদের তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের টর্চার সেল সাবরাং নয়াপাড়া বাজারে আবুল ফয়েজের টমটম গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যান। 

পরে ঘটনাস্থল থেকে অপহৃত যুবকদের মোবাইল ফোন ও জামা-কাপড় উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।