খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ‘টেঁটা যুদ্ধ’, আহত ১০
জিরতরামপুর খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়ে শহিদ মেম্বার ও চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
নরসিংদী সদর উপজেলায় খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করার জেরে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জিরতরামপুর খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়ে শহিদ মেম্বার ও চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়া ঘাট বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকালে ফের টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে দুইজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি শান্ত। আমরা তিনজন আহত হওয়ার খবর পেয়েছি।”
