সিরাজগঞ্জে আওয়ামী লীগের ‘মাথা চাড়া’ দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ
‘সিরাজগঞ্জ জেলার সকল সচেতন নাগরিকবাসির’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
সম্প্রতি আওয়ামী লীগের মাথা চাড়া দিয়ে ওঠার বিরুদ্ধে এবং প্রশাসনের দুর্বল হস্তক্ষেপের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের গ্রেপ্তার-বিচারের দাবিও জানান হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে জমায়েত হয়ে ‘সিরাজগঞ্জ জেলার সকল সচেতন নাগরিকবাসির’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের মুক্তির সোপানে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোন্তাসির মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শামীম রেজা ও শহর ছাত্রশিবির পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন তোহা, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক টি এম মুশফিক সাদ, সজিব ও রাহাত তালুকদার।
সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক টি এম মুশফিক সাদ বলেন, “১ ফেব্রুয়ারি ভোরে শহরের কয়েকটি স্থানে ফ্যাসিস্টদের সর্মথনে লিফলেট বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ওই সমস্ত সন্ত্রাসীদের বলি ভোরে নয়, তোরা সকাল ৯টার পরে বের হয়ে দেখিস, টিকতে পারিস কীনা, আমরা তোদের শক্ত হাতে প্রতিহত করব, ইনশাআল্লাহ।”
সমন্বয়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, “অন্তর্বর্তী সরকার ও প্রশাসন যদি ফ্যাসিস্ট নির্মূলে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।
“সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, সেভাবে বর্তমান সরকারেরও পতন ঘটানো হবে।”
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
