২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ হাসপাতালে রোগীর পাতে কম খাবার, সত্যতা পেল দুদক

“নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য দুবেলায় ১৭০ গ্রাম মুরগির মাংস পাওয়া কথা। কিন্তু সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম।”

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রোগীদের নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম খাবার দেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে এমন সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক এরশাদ আলী।

দুদক জানায়, ২৫০ শয্যা সদর হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিয়মিত ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া এবং নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে অভিযান চালানো হয়।

উপ-পরিচালক এরশাদ আলী বলেন, “অভিযানে খাবারে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। একজন রোগীকে পরিমাণের অর্ধেকেরও কম মাংস দেওয়া হয়। নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য দুবেলায় ১৭০ গ্রাম মুরগির মাংস পাওয়া কথা। কিন্তু সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম।

“একজন রোগী থেকেই ১০০ গ্রাম মাংস কারসাজি করা হচ্ছে। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ব্যবহারে অনুপযোগী ও অপরিচ্ছন্নতা পাওয়া গেছে।”

তিনি বলেন, “রোগীদের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা নিয়ে আলোচনা করেছি। অধিকাংশ পরীক্ষা হাসপাতালের বাহিরে ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়। এখানে একটা চক্র কাজ করে; যারা রোগীদের বলে, হাসপাতালে এ পরীক্ষা হয় না বাহির থেকে করাতে হবে।

“এ ছাড়া ওষুধের স্টোর রুমেও অভিযান চালানো হয়; সেখানে যাচাই করে ওষুধ প্রাপ্তি বা গ্রহণের রেজিস্ট্রার হালনাগাদ পাইনি। পুরো বিষয়টি তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।”

এ বিষয়ে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে বিস্তারিত প্রতিবেদন প্রদান করা হবে বলে জানিয়েছেন উপ-পরিচালক এরশাদ আলী।