হেডলাইট নষ্ট, টর্চ জ্বালিয়ে চলল ট্রেন: ‘বিরাট অভিজ্ঞতা’, বললেন যাত্রী
ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে শুরু করে। আবার কখনও থেমে যায়।
মাঝপথে হেডলাইট বিকল। মেবাইল ফোনের টর্চের আলোয় পথ চলল ট্রেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় লোকোমোটিভের হেডলাইট নষ্ট হওয়ায় ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের আলোয় চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন এ কথা জানিয়েছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেনটি নির্ধারিত সময় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথে ১৫ মিনিট দেরিতে ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। পথে ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে শুরু করে। আবার কখনও থেমে যায়।
এক পর্যায়ে লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে যান। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ণ বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।
এই পুরো সময় এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কাউতলি এলাকার বাসিন্দা সবুজ মিয়া বলেন, “স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ঢাকা গিয়েছিলাম। পরে ডাক্তার দেখিয়ে তিতাস কমিউটার ট্রেনে এসেছি।
“ট্রেনের ইঞ্জিনের লাইট নষ্ট হয়ে যাওয়ার ফলে মোবাইলের লাইট জ্বালিয়ে ধীরে ধীরে স্টেশনে এসেছে। এ এক বিরাট অভিজ্ঞতা।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।
