২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত অন্তত ২০

সংষর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 02:42 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে চার ঘণ্টা তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয় বলে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন।

এতে অন্তত ৩০ জনের বেশি আহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও পুলিশ বলছে, এ সংখ্যা ২০।

প্রথম দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি আব্দুল আলিম বলেন, “সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির মাতুব্বরের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত দুইদিন আগে কবিরের পক্ষের লোক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপরে মারধর করা হয়।

“এরপর এ নিয়ে গত দুই দিনে দুই দফায় কবিরের পক্ষের লোকজনের বসতঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেই জের ধরে মঙ্গলবার ভোর থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।” 

তিনি বলেন, সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকাল ১০ টার পর থেকে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয়রা বলছে, গত দুদিন দুই দফায় হাবিবুরের দলের লোকজন অন্যায়ভাবে অতর্কিতে কবিরের গ্রুপের লোকজনকে মারধর ও বসতঘর ভাঙচুর ও হামলা চালায়। পুলিশ শুরু থেকে দুই পক্ষের মধ্যে আইনগত ব্যবস্থা নিলে এ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটতো না।

এ বিষয়ে জানতে চাইলে কবির মাতুব্বর বলেন, গত রোববার তার পক্ষের লোকজনকে মারধর ও বসতঘরে হামলা, লুটপাট চালায় প্রতিপক্ষের হাবিবুর রহমান তালুকদারের লোকজন। সেই জের ধরে আজকে এ সংঘর্ষ হয়।

অভিযোগের বিষয়ে জানতে হাবিবুরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে তার পক্ষের শওকত হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিনের বিরোধ নিয়ে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। আজও সেই জেরেই সংঘর্ষ হয়। এতে তাদের পক্ষের প্রায় ১২ জন আহত হয়।